দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এঘটনায় উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে অগ্নিবীণা হলের একটি কক্ষে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা আবু নাঈম আব্দুল্লাহ এবং ফয়জুর রাজ্জাক অনিক গ্রুপ মারামারিতে জড়ায়। এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করলে আবু নাঈম আব্দুল্লাহর গ্রুপের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়। ঘটনার জেরে আবু নাঈম আব্দুল্লাহর নির্দেশে ১৫ থেকে ২০জন রাতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আহসান হাবীব এবং আজকের পত্রিকার প্রতিনিধি ফাহাদ বিন সাইদকে বেড়ক পিটিয়ে আহত করে।
দৈনিক আজকের পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আহত ফাহাদ বিন সাইদ বলেন, কিছু বুঝে ওঠার আগেই ১৫ থেকে ২০জন ছাত্রলীগ নেতাকর্মী আমাদের ওপর হামলা করে। রড, লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। আমাদের দোষ হচ্ছে কেন সংবাদ করি। পরে একজন স্যার আমাকে প্রাণে রক্ষা করে। আমার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
দৈনিক যায়যায়দিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আহত আহসান হাবীব বলেন, সিট দখল নিয়ে বিকেল থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সেটি নিয়ে আমরা সাংবাদিকরা কাজ করছিলাম। তবে আমাদের ওপর উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা করা হয়েছে। আমরা সঠিক বিচার চাই।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইফুল ইসলাম বলেন, কি কারণে কেন হামলা হয়েছে কিছুই জানিনা। ফাহাদ এবং হাবীবকে আহত অবস্থায় আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছি। চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে ছুটি দিয়েছে। তবে আঘাত গুরুতর না হলেও ঘটনাটি দু:খজনক। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।
সিট দখলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় দুই গ্রুপের কারও সঙ্গেই যোগাযোগ করে পাওয়া যায়নি।
এফএইচ