দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহে রেলওয়ের কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে রেলওয়ে পুলিশ কালোবাজারির ১২টি টিকেটসহ তাকে গ্রেপ্তার করে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেন পুলিশ। এসময় রফিকুল ইসলামকে ১২টি টিকেট, কালোবাজারির ৫১০০ টাকা, ২টি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের এনআইডি ও মোবাইল নাম্বার সম্বলিত তালিকাসহ আটক করা হয়।
রফিকুল ইসলাম দায়িত্বপালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিত। এরপর সময় সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিত। এরপর বাইরে এনে তার পূর্ব পরিচিত দালাল ও কালোবাজারিদের নিকট সরবরাহ করতো। টিকিট বিক্রির লভ্যাংশ তিনি বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে বুঝে নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রফিকুল ইসলাম এর আগেও টিকিট কালোবাজারি মামলায় জড়িত এমন তথ্যপ্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফএইচ