দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার শহরের সমুদ্রসৈকতসংলগ্ন একটি অভিজাত হোটেল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হোটেল সিগালের ৩০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা পুলিশ ও চিকিৎসকেরা নিশ্চিত হতে পারেননি। মৃত গাজী এম শওকত হাসান কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর অশোকতলা এলাকার গাজী মোস্তফার ছেলে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিটি ব্যাংকের একজন আইন কর্মকর্তা বলে জানা গেছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে আপেল মাহমুদ বলেন, ৩০ জানুয়ারি গাজী এম শওকত হাসানসহ কয়েকজন কক্সবাজারে ঘুরতে আসেন। ওই দিন তারা হোটেল সিগালে ওঠেন এবং শওকত হাসান ৩০৮ নম্বর কক্ষে একাই অবস্থান করেন। আজ শুক্রবার সকালে হোটেল কক্ষের দরজা খুলে মেঝেতে শওকত হাসানকে তার বন্ধুরা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা হোটেলটির কর্মচারীদের সহায়তায় তাকে (শওকত) কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত ডিআইজি বলেন, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, হোটেল সিগালের কর্মচারীসহ কয়েকজন মিলে এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
জেবি