দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের কোম্পানীগঞ্জে শাহিনা আক্তার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। তবে নিহতের পরিবারের দাবি গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশ থানায় নিয়েছে।
শুক্রবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।
তিনি বলেন, গৃহবধূর মৃত্যুর কারণ উদ্ঘাটনে স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শাহিনা আক্তার কাঁঠালবাড়ি গ্রামের সোহেলের স্ত্রী। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। এছাড়া শাহিনা স্থানীয় লাছুখাল গ্রামের সিরাজ মিয়ার মেয়ে। ঘটনার রাতে স্বামী, দুই সন্তান ও শ্বশুর-শাশুড়ি বাড়িতেই ছিলেন বলে জানান নিহতের পরিবারের লোকজন।
শাহিনার ভাই সেলিম বলেন, বছরখানেক আগে সোহেল আরেক বিয়ে করেন। তখন প্রতিবাদ করায় আমার বোনকে নির্যাতন করা হয়। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বোন সব মেনে নেন। কিন্তু সোহেল কারণে-অকারণে বোনকে মারধর করতেন। সংসারের ভরণপোষণ ঠিকমতো দিতেন না। শাহিনা দিনমজুরি করে সংসার চালাচ্ছিলেন। এর মধ্যেও চলত নির্যাতন।
সেলিম আরও বলেন, সোহেল আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। বাঁচার জন্য তাঁরা আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে শাহিনা ঘরের রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা শ্বশুরবাড়ির লোকজন জানাতে পারেননি। অপরদিকে পুলিশ বলছে, ফাঁসিতে মারা যাওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
শাহিনার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পুলিশের উপপরিদর্শক আসাদুল ইসলাম। তিনি বলেন, নিহত গৃহবধূর গলায় নখের কাটা দাগ পাওয়া গেছে। বাম গালে আঘাতের চিহ্ন আছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেবি