দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনিবন্ধিত ৫ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে বন্ধ করে দিয়েছেন ভ্রমমাণ আদালত।
ভ্রমমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তারের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ও পৌর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় পাঁচ্চর এলাকার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শাহ্ নেসার (রহঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও শিবচর পৌর এলাকার কলেজ রোডের শিবচর হেলথ কেয়ার লি: মিঃ সীলগালা করে বন্ধ করে দেয় ভ্রমমাণ আদালত।
এর আগে গত ২৫ শে জানুয়ারি একই উপজেলার দত্তপাড়ার সূর্য নগর বাজারের সূর্যনগর আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার, সূর্য নগর খিদমা ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে বন্ধ করে দিয়েছিল ভ্রমমাণ আদালত।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশের ন্যায় শিবচরেও আমাদের অভিযান চলছে। আমরা বার বার সতর্ক করার পরও যে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন করেনি সেগুলোকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হচ্ছে।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান বলেন, অভিযানকালে যে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে বন্ধ করা হয়েছে তাদের স্বাস্থ্য অধিদপ্তরের কোন লাইসেন্স নেই। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনের জন্য তারা অনলাইনে কোন আবেদনও করেনি। এছাড়া অন্যান্য কাগজপত্রেও ত্রুটি রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এফএইচ