দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে অনলাইনে প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন ও ১৬টি সিম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে তাদের যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. শাহজালাল শেখ (২৭) ও মো. শাহজামান শেখ (২৩)। তারা যাদবপুর গ্রামের আ. কুদ্দুস শেখের ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেইসবুক পেইজে ১,৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি ও অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে।
রেজওয়ান সিদ্দিক ইমরান (৩২) নামে এক ব্যক্তি ফেইসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুটি কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরি করে ভুক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে নগদ একাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়।
পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগীর কম্বল সরবরাহ করে নাই এবং মোবাইল ফোনও রিসিভ করেনি।
ওই ভুক্তভোগী নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজনের নামে ২০১৮ সালে ঢাকার কোতোয়ালি থানায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা আছে বলেও পুলিশ সুপার জানান।
জেবি