দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোট আসে, ভোট যায়, পালা বদল হয় সরকারের। কিন্তু একটানা তিন দশকের বেশি সময় ধরে সব নির্বাচনি মাঠে জয়ের পাল্লা ভারি তার। হারেননি কখনও। নব্বই দশক থেকে বান্দরবান ভোটের মাঠে অপ্রতিদ্বন্ধী বীর বাহাদুর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বান্দরবান ৩০০ নম্বর আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।
১৯৯১ সাল থেকে ২০২৪। সবগুলো ভোটে জয় পেয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয় নিয়ে সংসদে পা রাখবেন পার্বত্য বান্দরবানের এই আওয়ামী লীগ নেতা। গত ছয়বার ক্ষমতাকালীন সময়ে জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বীর বাহাদুরকে প্রতিটি উপজেলায় সম্মানজনক ভোট প্রদান করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
১৮২টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬৭১। তার প্রতিদ্বন্ধী প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম শহিদুল ইসলামকে তিনি ১ লাখ ৬২ হাজার ৩১০ ভোটের ব্যবধানে হারিয়েছেন। এই নির্বাচনে মোট ১ লাখ ৮৭ হাজার ৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
যার মধ্যে বাতিল ভোটের সংখ্যা চার হাজার ১৮টি। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল মতে ৬৪.৯৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
বীর বাহাদুর উশৈসিং এমপি উপজেলা ভিত্তিক ফলাফলে লামা উপজেলার ৪০ কেন্দ্রে ৪৯হাজার ৭৫৩ ভোট পেয়েছেন। এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ইউনিয়নের ২৬ কেন্দ্রে পেয়েছেন ২৯ হাজার ৫৭২, বান্দরবান সদর উপজেলার ৬ ইউনিয়নে ২৪ হাজার ৪৩০, আলীকদম উপজেলার চার ইউনিয়নের ২০ কেন্দ্রে ১৮ হাজার ৯৯, রোয়াংছড়ি উপজেলায় ১২ হাজার ৬২০, রুমা উপজেলার চার ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ১০ হাজার ৩৯০ ভোট এবং থানচি উপজেলার ১৪টি কেন্দ্রে ৯ হাজার ৮৬১ ভোট।
এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ জানান, জেলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। আগামীতে বীর বাহাদুর এই জেলাকে স্মার্ট জেলা গড়ে তোলার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবেন।
আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা তসলিম ইকবাল চৌধুরী জানান, দলমতের ঊর্ধ্বে এসে বীর বাহাদুরকে তার এলাকার মানুষ ভোট দিয়েছেন। কারণ মানুষ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চান।
উল্লেখ্য, বীর বাহাদুর উশৈসিং এমপি ২০১৮ সনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট পান ১ লাখ ৪৩ হাজার ৯৬৬। উন্নয়ন ও নানা ক্ষেত্রে অবদানের কারণে এবারের নির্বাচনে তার ভোট বেড়েছে বলে মনে করেন সাধারণ মানুষ।
সচেতন নাগরিকদের মতে, যেকোনো কাজে ধারাবাহিকতা বজায় থাকা মানে এগিয়ে যাওয়া। এবার বীর বাহাদুরের বিজয়ের মাধ্যমে উন্নয়নে বদলে যাবে পার্বত্য জেলা বান্দরবান।
জেবি