দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫৬৬টি ভোটকেন্দ্রে ৫৬৬ জন প্রিজাইডিং অফিসার, তিন হাজার ২০৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ছয় হাজার ৪০৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
চারটি সংসদীয় আসনে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে পাঁচজন ও অন্য তিনটি আসনে ৯ জন করে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রতিটি আসনেই নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে।
লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে মোট ১২৫টি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ৩৬৯ জন।
নাটোর-২ সদর এবং নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে মোট ১৫৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৪ হাজার ৪৯ জন।
নাটোর-৩ সিংড়া আসনে ১১৮টি ভোটকেন্দ্রে তিন লাখ আট হাজার ৭৯৪ জন মোট ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনে ১৬৭টি ভোটকেন্দ্রে মোট চার লাখ ২০ হাজার ৪৭০ জন ভোটার ভোট দেবেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ৫৬৬টি কেন্দ্রের মধ্যে ৩০২টি গুরুত্বপূর্ণ এবং ২৬৪টি সাধারণ। সাধারণ ভোট কেন্দ্রগুলো একজন সশস্ত্র পুলিশ সদস্য এবং দুটি অস্ত্রসহ ১২জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন অতিরিক্ত সশস্ত্র পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। জেলার আটটি পৌরসভা এবং ৫২টি ইউনিয়নে পুলিশের একটি করে মোবাইল টিম এবং সাতটি উপজেলায় একটি করে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের ব্যতিক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ বাহিনী।
জেলা প্রশাসক এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে আটজন জুডিশিয়াল এবং ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছাড়াও সহকারী জজের নেতৃত্বে চারটি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে চারটি সংসদীয় আসনে এক হাজার ২৫৪ পুলিশ, ৫৬ জন ব্যাটালিয়নসহ মোট ছয় হাজার ৮৪৮ আনসার, ৫৬ র্যাব সদস্য, ৩৩৭ বিজিবি সদস্য এবং সেনাবাহিনীর ৪০৮ সদস্য দায়িত্ব পালন করছেন। সর্বোত্তম নিরাপত্তায় সুরক্ষিত থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জেবি