দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের তেলিপাড়া, চান্দনা এবং কালিয়াকৈর উপজেলার বাঁশতলী এলাকায় আলাদা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষা প্রতিষ্ঠান তিনটির মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত আছে। আগুনে কম্পিউটার, বই, আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) ভোররাতের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
ফায়ার সার্ভিস জানায়, রাতে তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট সংলগ্ন টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রাত ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স্কুল ভবনের ৯টি শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, টেবিল-চেয়ার, আলমারি, বই খাতা, কম্পিউটার, ল্যাপটপসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।
এদিকে, একই রাতে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই স্কুলটি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার কারার কথা ছিল। আগুনে স্কুলের একটি আলমারি ও বইপত্র পুড়ে গেছে।
অপরদিকে কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ভোররাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কাগজপত্র ও টেবিল পুড়ে গেছে।
এসব ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ঘটনার সাথে কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ