দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ নির্বাচন তার হাতের মুঠোয় নিতে বিভিন্ন মহলে ১৩ কোটি টাকা ছড়াবেন বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।
এর মধ্যে বড় একটি অংশ প্রশাসনকেও দিবেন বলে জানান স্বতন্ত্র প্রার্থী। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে তাহমিনা বেগম বলেন, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি মিছিলে হাতবোমা বিস্ফোরণ, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়।
এমন একাধিক ঘটনা লিখিত আকারে দিলেও নৌকার প্রার্থীর প্রতি তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কমিশন।
স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম আরও বলেন, নির্বাচনের দিন ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে না আসতে পারে এজন্য বিভিন্ন এলাকায় বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চলছে। নির্বাচনে অংশ নেওয়ায় তাহমিনা বেগমের জীবননাশের হুমকি রয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। ভোটারদের স্বার্থে নিরপেক্ষ নির্বাচনের দাবি তোলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে সে ব্যাপারে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, স্বতন্ত্র প্রার্থীর প্রতিটি অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তিনি শুরু থেকেই আমার বিরুদ্ধে নানান অভিযোগ দিয়ে আসছেন। যার কোনো প্রমাণই নেই।
মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ভোট শাস্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটাররা যাতে কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এ ব্যাপারে কঠোর অবস্থানে প্রশাসন।
মাদারীপুর-৩ আসন কালকিনি ও ডাসার উপজেলা এবং সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য। তার শক্ত প্রতিদ্বন্দ্বী তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই দুই প্রার্থী ছাড়া আরও চারটি দলের প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ওই চার প্রার্থীর নির্বাচনি কোনো প্রচার চোখে পড়ে না।
জেবি