দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী ও সমর্থকরা একই স্থানে একই সময়ে নির্বাচনি সভা আহ্বান করায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার (২৫ ডিসেম্বর) ভোর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জটারখালি বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল বাবু মিয়া কয়েকদিন আগে থেকেই ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে রোববার বিকেলে নৌকা প্রতীকের সমর্থনে কর্মীসভার আহ্বান করেন।
বিকেল থেকেই সেখানে জড়ো হতে থাকেন ওই ইউনিয়নের নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা। সন্ধ্যায় সেখানে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতীকের সমর্থকরা সভা করার জন্য জড়ো হতে থাকেন।
এ সময় উভয়পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষের লোকজনই লাঠিসোঠা নিয়ে সেখানে স্লোগান দিতে থাকেন। সেখানে উপস্থিত হন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
উভয়পক্ষ একই স্থানে সভা করার বিষয়ে অনড় থাকলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনওর পক্ষ থেকে ওই এলাকায় আগামীকাল ভোর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
জোড়াদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের সমর্থক জাহিদুল ইসলাম বাবু মিয়ার ভাষ্য, ওই এলাকায় রোববার সন্ধ্যায় নৌকা প্রতীকের সমর্থনে কর্মীসভার আহ্বান করা হয়। কয়েকদিন আগেই এই সভা ডাকা হয়।
সেই অনুযায়ী বিকেল থেকেই সেখানে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। কিন্তু হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থকরা এসে সভা করতে চান। সেখানে স্বতন্ত্র প্রার্থীও আসেন। তারা গায়ের জোরে পায়ে পাড়া দিয়ে গোলযোগ করতে চান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আক্তার হোসেন জানান, সন্ধ্যায় একই সময়ে একই স্থানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার বিনা অনুমতিতে সভা করার জন্য জড়ো হয়। এতে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সন্ধ্যা সাতটা থেকে আজ ভোর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মণ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন। ওই এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেবি