দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রয়োজনে ভোটের দিন লাশ হয়ে বাড়ি ফিরব তবুও ফলাফল নিয়েই ঘরে ফিরব বলে হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার এরুলিয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হিরো আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
হিরো আলম সংবাদ সম্মেলনে জানান, শনিবার সন্ধ্যার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে তিনি ১০ থেকে ১৫ জন সমর্থক নিয়ে প্রচারণায় যান। এই সময় আওয়ামী লীগের পাঁচকর্মী কাওছার, তাইজুল, আলম, মাহিন ও জাহিদুর তাকে গণসংযোগ করতে নিষেধ করেন। আওয়ামী লীগের ওই পাঁচজন কর্মী মুরাদপুর বাজারে নৌকা মার্কা ব্যতীত অন্য কোনো মার্কার প্রচারণা করা যাবে না বলে যানান। এই সময় তাদের হুমকির ভিডিও করতে গেলে একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন আলম।
হিরো আলম আরও বলেন, ঘটনার পর পুলিশকে জানালে ওসি আজমগীর হোসেন সেখানে আসেন। তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো জাহিদুরের সঙ্গে বারবার মুঠোফোনে কথা বলেন।
হিরো আলম বলেন, ওসিকে মৌখিক অভিযোগ দিয়েছি। তিনি লিখিত অভিযোগের কথা বলেননি। উনাকে জড়িতদের নাম ঠিকানা দিয়ে এসেছি। রোববারের মধ্যে তাদের গ্রেপ্তার না করলে উপরমহলে অভিযোগ জানাব। ওসি আমার সামনেই বাজারে থাকা স্থানীয়দের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে সত্যতাও পেয়েছেন। তাহলে কেন ব্যবস্থা নিবেন না? নির্বাচনি প্রচারণাতে যদি এরকম হামলা হয় তাহলে নির্বাচনের দিন কি হবে? তারা জানে হিরো আলমের জোয়ার তৈরি হয়েছে। তাই আওয়ামী লীগের সমর্থকরা বাঁধা দিচ্ছে। প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনার বলেছেন সুষ্ঠু নির্বাচন হবে। এটাই কী তার নমুনা? এইরকম চলতে থাকলে ভোটের পরিবেশ থাকবে না।
হিরো আলম বলেন, হিরো আলম মৃত্যু বা হুমকিতে ভয় পায় না। আমরা সত্যের পথে আছি। ভোটের দিন পর্যন্ত আমরা মাঠে থাকব। যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা হবে না আমরা মাঠ থেকে আসব না। প্রয়োজনে ভোটের দিন লাশ হয়ে বাড়ি ফিরব তবুও ফলাফল নিয়েই আসব।
জানতে চাইলে বগুড়া-৪ আসন মহাজোট মনোনীত নৌকার প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, আশরাফুল আলমের ওপর বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এর সত্যতা পাওয়া যায়নি। এরপর তিনি অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
আরএ