দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর প্রচারণায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ মাইক ও সরঞ্জাম ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল বেলা ১১টার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউপির বেলাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চালক শাহ আলম সাংবাদিকদের জানান, তার অটোরিকশাটি জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার প্রচারণার জন্য ভাড়া করা হয়েছিল। মাইকে প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার একটি রেকর্ড করা অডিও বাজছিল। বেলা সাড়ে ১১টার দিকে বেলাবো এলাকায় কয়েকজন তাকে মাইক বাজাতে বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে তারা তাকে মারধর, অটোরিকশা ও মাইক ভাঙচুর করে।
হামলাকারীরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সদস্য বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ার।
তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার বলেন, মাইক বাজানো নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তর্কাতর্কি হয়েছে বলে শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির লোকজন নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয়দের মধ্যে তর্কবিতর্ক ছিল। পরে তারা নিজেদের মধ্যে মীমাংসা করে।
এদিকে নারয়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে এমন অভিযোগ তুলে শনিবার জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হকের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার নির্বাচন সমন্বকারী হাফেজ মাহমুদুল আনেয়ার।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সোনারগাঁ উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া মহল্লায় নৌকা প্রার্থীর বিভিন্ন পোস্টার ও ব্যানার সাঁটানো হচ্ছে যাতে প্রার্থীর পক্ষে দলীয় প্রধানের ছবি ছাড়াও কর্মী-সমর্থকদের ছবি দেওয়া হচ্ছে। এছাড়াও সোনারগাঁ উপজেলার বিভিন্ন সড়কে নৌকার অর্ধশতাধিক গেইট বা তোরণ নির্মাণ করা হয়েছে। যাতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর অধীনে ১০ এর (ক) বিধান লঙ্ঘন হয়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ১৮ ডিসেম্বর ও ২২ ডিসেম্বর যথাক্রমে শম্ভুপুর ইউনিয়নের কাজিরগাও মাদরাসা ও গোয়ালদী শাহী জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশ নিয়ে নির্বাচনি প্রচারণামূলক বক্তব্য দিয়েছেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর অধীনে আইনের বিধি ১১ এর বিধান লঙ্ঘন করা হয়েছে। অভিযোগে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
জেবি