দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এখন পর্যন্ত মানুষ ভোটকেন্দ্র যাওয়ার আস্থা পাচ্ছে না ও ভোটকেন্দ্রে সেনাবাহিনী না দিলে সিলমারা বন্ধ করা যাবে না। বললেন, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর।
এখন পর্যন্ত মানুষ ভোটকেন্দ্র যাওয়ার আস্থা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন এলাকায় দিনভর নির্বাচনি প্রচারণা শেষে তিনি এ কথা বলেন। তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ এক আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তৈমুর বলেন, পাড়া মহল্লায় প্রচারণাকালে ভোটাররা জানতে চান তারা ভোটকেন্দ্র যেতে পারবেন কিনা। ভোটকেন্দ্র যাওয়ার সুষ্ঠু পরিবেশ থাকবে কিনা এ প্রশ্ন এখনো জনমনে আছে। এখন পর্যন্ত মানুষ ভোটকেন্দ্র যাওয়ার আস্থা পাচ্ছে না।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তৈমুর বলেন, ২০১৮ সালে সেনাবাহিনীর স্টাইলিং ফোর্স হিসেবে ছিল। তারা রাস্তায় রাস্তায় টহল দিয়েছেন। তবে এবার তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে। এবং ভোটকেন্দ্রে সেনাবাহিনী দিতে হবে নয়তো সিলমারা বন্ধ করা যাবে না। পাশাপাশি স্কুল-কলেজসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচন প্রচারণা থেকে বিরত রাখার দাবি করেন তৃণমূলের মহাসচিব।
তিনি আরও বলেন, মুড়াপাড়া বাজারে আমার যে পোস্টার ছিল সেগুলো ছিড়ে নৌকার পোস্টার টাঙানো হয়েছে। বারবার প্রতিকার চাচ্ছি কিন্তু আশানুরূপ প্রতিকার পাচ্ছি না। চনপাড়া বস্তিতে আমার তিনটা ছেলে মারধরের শিকার হয়েছে। আমি এসপিকে জানানোর পর ফোর্স পাঠিয়েছেন। এভাবে যদি বারবার অভিযোগ করতে হয় তাহলে নির্বাচন করব কীভাবে?
তৈমুর বলেন, চনপাড়ার ঘটনায় এসপি যে ভূমিকা রেখেছে আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু সার্বিকভাবে যদি নিরাপত্তা না পাই তাহলে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। প্রধানমন্ত্রী যেভাবে কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হবে। সেটার লক্ষণ দেখছি না। দিন যতোই যাচ্ছে নৌকার লোক ততোই অগ্নিমূর্তি ধারণ করছে।
অবৈধ অস্ত্র উদ্ধারসহ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, দুদিন আগে রূপগঞ্জে আওয়ামী লীগের লোকজন নিজেরা নিজেরা মারামারি করেছে। সেখানে দেশীয় অস্ত্রের ঝনঝনানি দেখা গেছে। এগুলো চলতে থাকলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখি না। প্রশাসনে কাছে অবৈধ অস্ত্র উদ্ধারসহ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
নির্বাচনি গণসংযোগকালে তার সঙ্গে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পাড়া মহল্লার উন্নয়ন, ভূমি রক্ষাসহ রূপগঞ্জের মানুষের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিচ্ছেন তৈমুর।
এদিকে এ আসনটিতে দিনভর প্রচারণা চালিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ড নৌকার পক্ষে প্রচারণা করছেন।
জেবি