দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখোলা ইউনিয়নের চুড়ালী গ্রামে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে আগুনে পুড়ে গেছে নয়টি ঘর ও দুটি গরু। ধারণা করা হচ্ছে গোয়াল ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন চুড়ালী গ্রামের আবুল কাসেম ও তার ছোট ভাই আব্দুস ছালাম। এছাড়াও আগুন থেকে বাঁচতে ভাঙতে হয়েছে তাদের ভাতিজা সারোয়ার ও ফারুকের বসতঘর।
খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে সব শেষ হয়ে গেছে বলে জানান ভুক্তভোগীরা।
আবুল কাসেম জানান, রাত ১১টার দিকে মানুষের চিৎকার চেচামেছি শুনে তাদের ঘুম ভাঙে। দেখেন ধোঁয়ায় ঘর ভরে আছে ও চালে আগুন জ্বলছে। জীবন বাঁচাতে স্ত্রীকে নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে আসেন। কাপড়চোপড়, ধান-চাল কিছুই তাদের অবশিষ্ট নেই। প্রতিবেশীরা এসে গোয়াল ঘরে থাকা ছয়টি গরুর মধ্যে চারটিকে বাঁচাতে পেরেছেন। একটি গর্ভবতী গাভীসহ দুটি গরু পুড়ে গেছে।
প্রতিবেশী সাইদুল ইসলাম জানান, তিনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ মানুষের আগুন আগুন চিৎকার শুনে তার ঘুম ভাঙ্গে। ঘর থেকে বের হয়ে দেখেন আবুল কাসেমের ঘরে আগুন জ্বলছে। তিনি দৌড়ে এসে ঘোয়াল ঘর থেকে গরুগুলো বের করেন। দুটি গরুর শরীরে আগেই আগুন ধরে গেছে তাই সেগুলো বের করতে পারেননি।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.শাহজাদা বলেন, ৯৯৯-এ কল পেয়ে তিনি তাৎক্ষণিক দুটি ইউনিট নিয়ে বের হন। কিন্তু লোকেশন ট্র্যাকিং করতে সময় লাগে। এছাড়া সরু সড়ক হওয়ার কারণে বড় গাড়িটি অনেক দূরে রেখে যেতে হয়েছে। যে কারণে ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে ঘরগুলো পুড়ে যায়। দুটি টিনের বসত ঘর, দুটি রান্না ঘর ও দুটি গোয়াল ঘর, তিনটি ছোট ঘর ও দুইটি গাভী আগুনে পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে আট লাখ টাকা ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।
জেবি