দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহরণের ১২ ঘণ্টার মধ্যে রিপন (২০) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী এলাকার একটি পরিত্যক্ত বাড়ির কাছ থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
অপহরণের সঙ্গে জড়িত রিপনের বন্ধু সৈকত শেখকে (২০) আটক করা হয়েছে। আটক সৈকত উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। ভিকটিম রিপন একই এলাকার জুলহক প্রামাণিকের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে ভিকটিম রিপনের বড় ভাই থানায় একটি অভিযোগ দায়ের করে যে, তার ছোট ভাই রিপনকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
অভিযোগটি আমলে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রিপনের বন্ধু সৈকতকে আটক করা হয়। পরে সৈকতের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে বড়পাঙ্গাসী গ্রামের আব্দুল হালিমের পরিত্যক্ত বাড়ির কাছে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় রিপনকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ভিকটিকম রিপন ও আসামি সৈকত দুজন বন্ধু ছিল। এ সুবাদে বৃহস্পতিবার রাত আটটার দিকে আসামি সৈকত তার বন্ধু রিপনকে ফোন দিয়ে বড় পাঙ্গাসী স্কুল মাঠে নিয়ে যায়। রাত ১০টার দিকে পূর্ব পরিকল্পনা মোতাবেক আটক আসামি সৈকতসহ রিপনের আরও কয়েকজন বন্ধু মিলে তাকে মারপিট করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তাকে পরিত্যক্ত ওই জায়গায় ফেলে রাখে। একইসঙ্গে রিপনের মোবাইল ফোন দিয়েই তার বাড়িতে কল দিয়ে ৩০লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে রিপনের লাশও খুঁজে পাবে না বলে হুমকি দেওয়া হয়।
তিনি জানান, রিপনের বড় ভাই নাসির কয়েক দিন আগে ইতালি থেকে বাড়িতে এসেছে। তার ভাইয়ের কাছ থেকে টাকা আদায় করতেই রিপনকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় অপহরণের পর মুক্তিপন দাবির মামলা দায়েরের পর আসামিকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও ওসি জানিয়েছেন।
জেবি