দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ- জগন্নাথপুর ) আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। নোটিশে এম এ মান্নানকে ১৭ ডিসেম্বর কমিটির কাছে এ বিষয়ে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির পক্ষ থেকে যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) রশিদ আহমেদ মিলন স্বাক্ষরিত এমন চিঠি বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দেওয়া হয়।
পরিকল্পনামন্ত্রীকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর অনুযায়ী তিনি গত ৯ ডিসেম্বর একটি দলের মনোনয়ন পাওয়ার পর শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে এবং ১২ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার আউশকান্দি ইউনিয়নের বড় ফেছি বাজারে কর্মীসভার ব্যানারে উন্মুক্ত জনসভায় অংশ নেন।
নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে এগুলো সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ ২০০৮ এর বিধি ১২ বিধান লঙ্ঘন হয়েছে বলে প্রতীয়মান। বিষয়টি তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টায় কমিটির কাছে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বললেন, আমি আইন মান্যকারী মানুষ। আওয়ামী লীগের একজন কর্মী। দলের কর্মী সভায় উপস্থিত হয়েছিলাম। ওখানকার উচ্ছ্বাস উপেক্ষা করা যায়নি। এটা ঠিকও হয়নি। অবশ্যই সকলকে আইন মানতে হবে। আমি আদালতের নির্দেশ অনুযায়ী ব্যাখ্যা প্রদান করব।
সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে টানা তিনবারের এমপি এম মান্নান। এবারও তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এই আসনে অন্য প্রতিদ্বন্দ্বিরা হলেন, তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন, জাতীয় পার্টির তৌফিক আলী, জাকের পার্টির মো. নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মাহ্ফুজুর রহমান খালেদ।
জেবি