দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের ৫ দিন পর জাকির হোসেন (১৯) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর কবরস্থান সংলগ্ন একটি জমি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাকির হোসেন লালমনিরহাটের আদিতমারীর দিগলটারি গ্রামের আলম বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডের কদমরসুল কলেজ মাঠপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় ইবিজাইক চালক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার (৬ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে বের হয়ে নিখোঁজ হয় জাকির। পরে তার বাবা আলম বাদশা মিয়া বাদী হয়ে গত ৭ ডিসেম্বর বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। গেল কয়েক দিনে পুলিশ তার সন্ধান করতে পারেনি। সোমবার সকালে এলাকাবাসী মহনপুর কবরস্থান সংলগ্ন একটি জমি থেকে মরদেহটি পড়ে থাকতে দেখে বন্দর থানা পুলিশে খবর দেয়। পরে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাকিরের মরদেহটি উদ্ধার করে।
নিহত ইজিবাইক চালকের বাবা আলম বাদশা বলেন, গত ৬ ডিসেম্বর বিকেল ৫টায় তার ছেলে ইজিবাইক নিয়ে বের হয়। পরে তিনি বাড়িতে ফিরে না আসলে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করি। ওই দিন থেকেই তার ব্যবহারকৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। আজ সকালে আমার ছেলের মরদেহ খুঁজে পাই। আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমার নিরীহ ছেলেকে কে বা কারা হত্যা করেছে তা তদন্তের দাবি জানাচ্ছি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
এ ঘটনায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। তবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হবে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জেবি