দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধামরাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রুবেল পারভেজ বাসচাপায় নিহতের ঘটনায় প্রায় ২৫ সেলফি পরিবহনের বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এসব বাস আটক করে জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এ খবর লেখা পর্যন্ত বাস আটক চলমান রয়েছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজকে চাপা দিয়ে হত্যা করেছে সেলফি পরিবহনের বাস। এই পরিবহনের বাস নিয়ন্ত্রণহীন মহাসড়কে চলাচল করে। প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে তাজা প্রাণ। এভাবে চলতে থাকলে অনেক পরিবার তার উপার্জনের একমাত্র সম্বলকে হারাবেন। আমরা এই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই। পরিবহন কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা সেলফি পরিবহনের বাস সড়কে চলাচল করতে দেব না।
আটক সেলফি পরিবহনের বাসের চালক নুরুল হক বলেন, সকালে একটি বাস দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আমাদের বাস আটকানোর পরে আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনা ঘটিয়েছে সেলফি পরিবহনের অন্য বাস। কিন্তু আমাদের যে বাসই পাচ্ছে সেই বাসই আটকে রাখছে শিক্ষার্থীরা। যাত্রীদের সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে। আসলে আমাদের কি অপরাধ আমরা এখনও জানি না।
তিনি আরও বলেন, শুধু চালকদের দোষ এমনটা নয় বরং যাত্রীদেরও দোষ রয়েছে। যাত্রীরা আইল্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকে, গাড়ির সামনে দিয়ে আচমকা দৌড় দেয়, ফলে দুর্ঘটনা ঘটে। মালিকপক্ষ থেকে সময়ের একটা চাপ রয়েছে। তারা সময় বেঁধে দেয়, সেই সময়ের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছতে হয়। এ কারণে চালকরা দ্রুত গন্তব্যে পৌঁছতে গাড়ি দ্রুত চালান।
এ ব্যাপারে সেলফি পরিবহনের পরিচারক রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা বাস আটকানোর বিষয়টি শুনেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আসলে দুর্ঘটনা রোধে আমরা সাত দিন পরপর মিটিং করি। চালকদের নানাভাবে শাস্তির আওতায় নেই। কিন্তু চালকরা গাড়িতে উঠলেই সব ভুলে যায়। মাইক দিয়ে প্রতিদিন সবাইকে সতর্ক করা হলেও নিয়ন্ত্রণে আসছে না।
জেবি