দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ৫৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার লাশ ফেরত দেয়নি বিএসএফ।
সোমবার (৪ ডিসেম্বর) ভোরে হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী সীমান্তের ৩৭০/৩ মেইন পিলার এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক জহুরুল ইসলাম নিহত হন।
নিহত জহুরুল ইসলাম হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল বাসেদের ছেলে।
গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, সোমবার ভোরে কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মুখলেছুর রহমান ও জহুরুল ইসলাম। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে মুখলেছুর রহমান। পরে মারা যান। তার লাশ হরিপুর উপজেলার নাগর নদীর উপশাখা শিরানি নদীতে পরে থাকতে দেখা যায়। অপরদিকে জহুরুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় ভারতের একটি হাসপাতালে ভর্তি করে বিএসএফ। এ সময় চিকিৎসকরা জহুরুলকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় সীমান্তের শূণ্যরেখায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জহুরুলের লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয় মঙ্গলবার (৫ ডিসেম্বর)। কিন্তু ৫৪ ঘণ্টা পেরিয়ে গেলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, মঙ্গলবার বিকেল তিনটার দিকে মরদেহ ফেরত দেওয়ার কথা থাকলেও আমরা পাইনি।
এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান বলেন, ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ এখনও বিএসএফ ফেরত দেয়নি। সব ফরমুলা শেষ করে তারা খুব দ্রুতই আমাদের কাছে মরদেহ হস্তান্তর করবে।
জেবি