দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের জিরানী বাজার ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় যাত্রীবাহী চলন্ত বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছলে বাসের ভেতরের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।
গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটক করতে পুলিশ চেষ্টা করছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে, জামালপুর থেকে ছেড়ে আসা খড় বোঝাই একটি ট্রাক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছলে ট্রাকে রাখা খড়ে আগুন দেওয়া হয়। সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, আগুনে ট্রাকে রাখা বিপুল পরিমাণ খড় পুড়ে গেছে। তবে এতে ট্রাকের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাকটিতে কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
আরএ/এম