দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার (৩ ডিসেম্বর) দুপুর একটায় যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তার মনোনয়ন বাতিল করেন। তিনি জানান, ঋণ খেলাপির অভিযোগে আবদুল মান্নানের মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে সকাল থেকে জেলার আরও দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। বিকেলে আরও তিনটি আসনের যাচাই-বাছাই হবে।
নোয়াখালী-৪ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে মেজর (অব.) আবদুল মান্নানসহ চারজনের মনোনয়ন বাতিল হয়।
বাতিল হওয়া অন্যরা হলেন, গণতন্ত্রী পার্টির সারওয়ার-ই-দীন, জাসদের এস এম রহিম উল্যাহ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জিহাদ চৌধুরী।
মেজর (অব.) আবদুল মান্নানের প্রতিনিধি অ্যাডভোকেট মো. আবু সুফিয়ান খান বলেন, আমাদের প্রার্থীর সকল মামলা স্থগিত এবং ঋণ হালনাগাদ রয়েছে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হবে।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, জাকের পার্টির মো. সোহরাব উদ্দিন ও ইসলামী ফ্রন্টের মো. আবদুল আলীম।
জেবি