দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে সদ্য পদত্যাগ করেছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।
শনিবার (২ ডিসেম্বর) সকালে এই আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন।
টানা তিনবার আওয়ামী লীগ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জয়ী হয়েছিলেন মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের মধ্য একজন ভোটারকে না পাওয়ার কারণে তদন্ত কমিটির রিপোর্টে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’ তিনি এ বিষয়ে আপিল করবেন বলে জানান।
সাধারণত আইন অনুসারে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করতে চাইলে তাকে সংশ্লিষ্ট আসনের এক শতাংশ ভোটারের নাম–পরিচয়সহ সই আবেদনের সঙ্গে জমা দিতে হয়। সেখান থেকে স্থানীয় নির্বাচন কর্মকর্তা দৈব চয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের অবস্থান যাচাই করেন। সংশ্লিষ্ট আসনে ওই ভোটারদের উপস্থিতি নিশ্চিত হলে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। অন্যথায় বাতিল বলে গণ্য হয়।
প্রথম দিন মনোনয়নপত্র বাছাই করা আসনগুলো হলো টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী), টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ও টাঙ্গাইল-৪ (কালিহাতী)।
মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, প্রার্থীর প্রস্তাবকারী, সমর্থনকারী এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। আগামীকাল রোববার বাকি চারটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।
জেবি