দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিতে এসে দলবলসহ সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন।
বৃস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এমপি মোস্তাফিজ ও তার সমর্থকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, বেলা ১১টার দিকে নেতাকর্মী নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মোস্তাফিজুর। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
একপর্যায়ে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আপনি এত লোক নিয়ে মনোনয়ন দাখিল করতে এসেছেন, এটা তো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।’ এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মোস্তাফিজ উত্তেজিত হয়ে পড়েন এবং ওই সাংবাদিককে থাপ্পড় দিয়ে শার্টের কলার ধরেন।
এক পর্যায়ে তিনি ও তার সমর্থকরা ক্যামেরা ট্রাইপড ও বুম ভেঙ্গে ফেলেন। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে তার দলীয় কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। এরপর এমপি মোস্তাফিজ গাড়িতে উঠে চলে যান।
মারধরের শিকার সাংবাদিক রাকিব উদ্দিন বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ৫ জনের বেশি নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার সুযোগ নেই। তিনি অনেক নেতাকর্মী নিয়ে আসেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এ নিয়ে প্রশ্ন করায় আমার ওপর হামলা করেন এবং মাইক্রোফোন কেড়ে নিয়ে ফেলে দেন। তিনি আমাকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মো. ফখরুজ্জামান বলেন, এখানে সিসি ক্যামেরা আছে ৷ ক্যামেরায় সব দেখার সুযোগ আছে। কোনো প্রার্থী যদি আচরণবিধি ভঙ্গ করে বা কারও সঙ্গে কোনোপ্রকার ঝামেলায় জড়ান, সেটা আমরা দেখব।
তিনি আরও বলেন, যাদের সঙ্গে এ ঘটনা ঘটেছে আপনারা লিখিত অভিযোগ দেন। নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবে। শুধু সংবাদকর্মী নন, যে কেউ এরকম ঘটনার শিকার হলে আমরা ব্যবস্থা নেব। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম ৯ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগেও সাংবাদিককে ফোন করে তার গালিগালাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ‘অশালীন’ মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়া, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, তার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, বাঁশখালীতে নিজ দলের বিরোধী নেতা-কর্মীদের দমনপীড়ন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগ রয়েছে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে।
ডিপি/