দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের সরসপুর-মধুমতি আদর্শ বিদ্যালয়ে ২০২৩ সালের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন পরীক্ষায় ৪০০ টাকা ফি নেওয়ার অভিযোগ ওঠেছে। মূল্যায়ন পরীক্ষায় ফি নেওয়ার সরকারি নির্দেশনা না থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মনিরুজ্জামান পান্নার বিরুদ্ধে এ ফি আদায়ের অভিযোগ ওঠেছে।
জানা গেছে, ষষ্ঠ শ্রেণিতে ৭১ জন ও সপ্তম শ্রেণিতে ৫০ জন শিক্ষার্থী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে। সপ্তম শ্রেণিতে বাৎসরিক ২ হাজার ৫০০ টাকা ও ষষ্ঠ শ্রেণিতে ২ হাজার ৪৪০ টাকা নেওয়া হয়। তার মধ্যে মাসিক বেতন যথাক্রমে ৬০ ও ৫৫ টাকা, সেশন চার্জ ৭০০ টাকা, অর্ধবার্ষিকী পরীক্ষার ফি ৪০০ টাকা, স্কুল নীতিমালা ফি ১০০ টাকা ও মূল্যায়ন পরীক্ষার ফি ৪০০ টাকা বলে জানান স্কুলের সহকারী শিক্ষক মিলটন শরীফ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি স্কুলে যেভাবে টাকা নেওয়া শুরু করেছে তাতে না খেয়ে মরার উপক্রম হয়েছে। ছেলে-মেয়েদের পড়াশুনা হয়তো বন্ধ করে দিতে হবে। সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধের বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সরসপুর-মধুমতি আদর্শ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পান্না ও সহকারী শিক্ষক মিলটন শরীফ বলেন, মূল্যায়ন পরীক্ষায় ফি নেওয়া যাবে না এমন নির্দেশনা আমরা পায়নি। তবে অতিরিক্ত টাকা না নেওয়ার নির্দেশনা তারা পেয়েছেন। মূল্যায়ন পরীক্ষায় আনুষঙ্গিক কিছু খরচ থাকায় এ টাকা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন মোস্তাক আলী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। যদি অনিয়ম হয়ে থাকে তবে সব টাকা ফেরত দেওয়া হবে।
জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি