দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ জেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রকৃত শ্রমিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করেই অবৈধ ভোটারে নির্বাচনের তফসিল ঘোষণার অভিযোগ উঠেছে। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা।
এ বিষয়ে বুধবার (২২ নভেম্বর) নির্বাচন বন্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রমিক ইউনিয়নের প্রকৃত ভোটারদের একাংশ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন পরিচালনার জন্য গঠনতন্ত্র মোতাবেক সঠিক নীতিমালা প্রণয়ন, নির্বাচন কমিশন গঠন, প্রকৃত বৈধ শ্রমিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা, নির্বাচনি তপসিল সঠিকভাবে প্রণয়ন করা হয়নি।
এছাড়া নির্বাচনে ঘোষিত ৭০২ জন ভোটারের মধ্যে প্রায় ২ শতাধিক ভোটারই প্রকৃত শ্রমিক নয় এবং যাদের ইউনিয়ন কর্তৃক দেওয়া আগের ভোটার পরিচিতি পত্রধারীরা ভোটার তালিকায় নেই।
শ্রমিকরা জানান, অনেকেই ৫ থেকে ২০ বছর ধরে যানবাহনের শ্রমিকের সঙ্গে জড়িত। অনেকেরই শ্রমিক ইউনিয়ন থেকে তাদের সদস্য পরিচিতিপত্রও দেওয়া হয়েছে। কিন্তু তাদের ভোটার তালিকায় নাম নেই। অথচ যারা কোনোদিনই যানবাহনের শ্রমিকের সঙ্গে জড়িত না তাদের ঠিকই ভোটার তালিকায় নাম রয়েছে। কয়েকজন ব্যক্তি স্বার্থে পাতানো নির্বাচন করছে। তাই নির্বাচন বন্ধে এবং প্রকৃত ভোটার তালিকা সংশোধন করে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জেলা হালকা মোটরযান মালিক সমিতির সভাপতি আব্দুল জব্বার বলেন, শ্রমিক ইউনিয়নের ভোটার তালিকায় প্রকৃত শ্রমিকদেরই করা উচিত। কিন্তু তা না করে নির্বাচন করা আইনগত বৈধ হবে না। নির্বাচন বন্ধ করে প্রকৃত শ্রমিকদের ভোটার করে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করার দাবি জানাই।
এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু বলেন, নিয়ম অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কারো কোনো অভিযোগ থাকলে জানানোর জন্য সকলকে অবহিত করা হয়েছে। তবে যদি জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করা হয়ে থাকে তাহলে নির্দেশনা পেলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, লিখিত অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
জেবি