দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী (১৪) ৩ মাসের অন্ত:সত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ ওঠেছে প্রতিবেশী সোহেল বেপারী নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ঘিওর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। সোহেল বেপারী (৩৫) উপজেলার কুস্তাবন্দর গ্রামের ফকির মিয়ার ছেলে।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে এই ঘটনায় থানায় মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।
কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে প্রতিবেশী সোহেল বেপারীর বাড়িতে টিভি দেখতে যায় বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরী। এ সময় সোহেল ওই কিশোরীকে ভয়ভীতি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরকরে ধর্ষণ করে। ধর্ষণের পর এসব কথা কারও কাছে প্রকাশ করলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। এই ভয়ে মেয়েটি কাউকে কিছু বলেনি।
এছাড়াও অভিযোগ রয়েছে সোহেলের সহযোগিতায় তার ঘনিষ্ঠ বন্ধু উজ্জ্বল ওরফে গড়িয়া, মহরম ও শাহাবুদ্দিন নামের তিন যুবকও ওই কিশোরীকে ফুসলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে মেডিকেল চেকআপের মাধ্যমে সে তিন মাসের অন্ত:সত্ত্বা বলে জানতে পারে কিশোরীর পরিবার। পরে এ ঘটনার ঘিওর থানার মামলা দায়ের করেন কিশোরীর মা।
কিশোরীর বাবা জানান, তারা হতদরিদ্র পরিবার। সোহেল ও তার সহযোগীরা এলাকার প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি স্থানীয়ভাবে ধামচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং নানা ধরনের হুমকি দিচ্ছেন। এছাড়াও অভিযোগ রয়েছে মেয়েটি অন্ত:সত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়লে সোহেল ও তার সহযোগীরা ওই কিশোরী ও তার মাকে বেধম শারীরিক নির্যাতন করে। পরে নিরুপায় হয়ে আত্মগোপনে চলে যায় তারা।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। তবে অন্ত:সত্ত্বার বিষয়টি তিনি নিশ্চিত নন। মেডিকেল রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দি লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়েছে।
জেবি