দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরের আওয়ামী লীগের সভাপতি হত্যা মামলার আসামিকে সঙ্গে নিয়ে এমপির মনোনয়ন সংগ্রহ করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ খান হত্যার ঘটনায় নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূঞা মোহন ও তার ভাই জুনোকে দায়ী করেছেন। একইসঙ্গে খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে এমপি মোহনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে শিবপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশ শেষে আওয়ামী লীগের সভাপতির হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
জানা যায়, নরসিংদী-৩ শিবপুর আসনের বর্তমান এমপি জহিরুল হক ভূঞা মোহন রোববার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওই সময় তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি হারুন অর রশিদ খান হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি শাকিল এমপির সঙ্গে ছিলেন। এতে হতাশ ও সংক্ষুব্ধ হয় নিহত আওয়ামী লীগ সভাপতি হারুন খানের পরিবার। এরই ধারাবাহিকতায় শিবপুর উপজেলা আওয়ামলী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে মামলার বাদী ও নিহত হারুন অর রশীদ খানের ছেলে আমীনুর রশীদ খান হত্যার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন ও তার ভাই জুনায়েদুল হক জুনুকে দায়ী করেছেন।
তিনি বলেন, নিহত হারুন অর রশিদ খান বিগত ২৫ বছর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার ভাই নিহত রবিউল আওয়াল খান কিরন আওয়ামী লীগের এমপি ছিলেন। শিবপুর আওয়ামী লীগকে সুসংঘঠিত করে রাখতে সারা জীবন হারুন খান কাজ করে গেছেন। কিন্তু ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে হারুন খানকে তার নিজ বাড়ির ড্রইং রুমে গুলি করে হত্যা করে এমপি মোহেনের ভাই জুনুর ক্যাডার আরিফসহ সন্ত্রাসীরা।
এতে শিবপুরবাসী ব্যথিত হয়েছে। মোহনকে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন দিলে স্থানীয় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। শিবপুরবাসী তাদেরকে বর্জন করবে। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মোহনকে দলীয় মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. খোরশেদ আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ তাপস, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ওমর ফারুক, সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া মিষ্টার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জায়দুল শেখ কাউসার ও উপজেলা শ্রমিক লীগর সভাপতি মোস্তফা মিয়া প্রমুখ।
এ বিষয়ে জানতে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান। পরে দেশে ও দেশের বাইরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩১ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
জেবি