দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ আহত হয়। তাকে উদ্ধারের পর বাস ও আহতের ছবি তোলায় এক কলেজ শিক্ষককে বেদম পিটিয়ে জখম করেছে বাস শ্রমিকরা। এ সময় তার পকেটে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবদুল মাজিদ (৪৩) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আবদুল মাজিদ বলেন, শনিবার সকালে চৌগাছা শহরের বিশ্বজিৎ স্যানিটারিতে মালামাল কিনতে যান। এ সময় পাশেই হাসিব ইলেকট্রনিক্সের সামনে লোকজনের জটলা দেখে এগিয়ে যান।
সেখানে গিয়ে দেখেন (যশোর-ব ১১-০২০৫) নম্বরের বাসের ধাক্কায় একজন বৃদ্ধ পড়ে গেছেন। বাসের চাকা তার এক পায়ের উপর চাপা রয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ওই বৃদ্ধকে ভ্যানে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।
এ সময় তিনি ওই বৃদ্ধের দুটি ও বাসের একটি ছবি তোলেন। কিছুক্ষণ পর সেখান থেকে চলে আসেন বিশ্বজিৎ স্যানিটারিতে। সেখানে অবস্থানকালে বাসপরিবহন শ্রমিক সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করেন।
সেসময় তাকে বেদম মারপিট করা হয়। একপর্যায়ে তাকে ভ্যানে করে বাস মালিক সমিতির অফিসে নেওয়া হয়। সেখানে নিয়েও মারপিট করা হয়। একপর্যায়ে আলমগীর নামে এক ব্যক্তি এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, আবদুল মাজিদের হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেছি। কাল আমাদের সভা আছে। সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, শিক্ষককে মারপিটের বিষয়টি অবহিত নই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি