দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান, দুই রাউন্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, গিয়াস উদ্দিন, ইউসুফ ওরফে কালা, আজাদ, মনির হোসেন, সালাউদ্দিন ও সফিক।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিরতলী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে ডাকাত দলের সদস্য কালা, আজাদ ও সালাউদ্দিনের নেতৃত্বে নতুন করে ডাকাত দল গঠন করে ডাকাতির চেষ্টা চালায়। পরে এই ডাকাত দলের ৯-১০ জন সদস্য উপজেলার জিরতলী ইউনিয়নে ডাকাতি করার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে জিরতলী ইউনিয়নে অভিযান চালিয়ে চারজন ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আরও এক ডাকাতকে আটক করা হয়।
পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক তার বাসা থেকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতদলকে সহায়তাকারী সফিককে গ্রেপ্তার করা হয় এবং ডাকাতদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানায়, ডাকাত আজাদ, ইউসুফ, সালাউদ্দিন মিলে সিএনজি ভাড়া করে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ডাকাতি করার জন্য পছন্দমতো বাড়ি খুঁজতো এবং বিশদ তথ্য সংগ্রহ করত।
জিরতলী বাজার এলাকায় তিনটি প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গ্রেপ্তারকৃত ডাকাতরা সেখানে একত্রিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জেবি