দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশতার মামলায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর বিএনপির তিন নেতাকে আবার আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) তাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন জেলার অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দিন বিজয় ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান।
যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘কারা ফটক থেকে কাউকে আটক করা হয়নি। নওয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। একটি মামলা থেকে তারা জামিন নিয়েছেন, নাশকতার অন্য মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এদিকে আজ (মঙ্গলবার) কোনো কর্মসূচি না থাকলেও জেলায় থেমে নেই বিএনপি নেতাকর্মীদের আটক অভিযান। গতকাল সোমবার বিকেল থেকে আজ বেলা ১২টা পর্যন্ত ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এর মধ্যে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে শার্শা উপজেলার নাভারণ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান ও কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমানকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়েছে। একদল সন্ত্রাসী তার ওপর হামলা ও নির্মম নির্যাতন করে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, ‘রাজপথে বিএনপির আজ কোনো কর্মসূচি না থাকলেও পুলিশ নেতা–কর্মীদের গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে। দলের নেতাকর্মীরা গ্রেপ্তার এড়াতে ঘরে থাকছেন না। এই শীতের মধ্যে তারা গ্রামের মাঠে-ঘাটে রাত জেগে মানবেতর জীবন যাপন করছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। জনগণ ঠিকই এর জবাব দেবে।’
জেবি