দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে সালমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালমা বেগম সদর উপজেলার তেবারিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে নিহতের স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। আর পুলিশের ধারণা স্বামীর সঙ্গে অভিমানে সালমা বেগম গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, সালমা বেগম ও সাইফুল ইসলাম প্রায় ১৫ বছর আগে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর স্বামী সাইফুল ইসলাম মাঝে মধ্যে দিনমজুরের কাজ করলেও অধিকাংশ সময় বেকার ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাত।
পরে সংসার চালাতে সালমা বেগম দিনমজুরের কাজ শুরু করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া শুনতে পায় প্রতিবেশীরা।
পরে নিহতের সন্তানরা ঘরের আড়ার সঙ্গে সালমা বেগমকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ঘটনাটি দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবে সালমা বেগমের বাবার বাড়ির লোকজন এটিকে হত্যাকাণ্ড দাবি করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেবি/এইউ