দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে চাকার পাংচার সারানোর সময় শ্রমিকবাহী একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।
বাসটির চালক রিয়াদ হোসেন জানান, শ্রীপুরের মুলাইদ এলাকার বদর স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকবাহী বাস এটি। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বাসটির একটি চাকা পাংচার হয়। পরে অতিরিক্ত চাকা লাগিয়ে পাশে রঙ্গিলাবাজার এলাকায় একটি দোকানে পাংচার সারানোর জন্য নিয়ে যান। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসটি পার্কিং করে তিনি দোকানে চাকা নিতে যান। ওইসময় কে বা কারা বাসটির পেছনে পেট্রল ছুড়ে আগুন দেন।
রিয়াদ হোসেন আরও জানান, হঠাৎ পাশের দোকানদার তাকে ডেকে বাসটিতে আগুন লাগার খবর জানান। পরে সেখানে ছুটে গিয়ে বাসের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়। ততক্ষণে বাসের বেশিরভাগই পুড়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
জেবি