দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে রামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান নেতারা।
মাহমুদ রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন। তবে অবাঞ্চিত ঘোষণাকারীরা দলের কেউ নয় বলে জানিয়েছেন মাহমুদ।
মাহমুদকে অবাঞ্চিত ঘোষণা করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আহম্মদ উল্যা, সহ-সভাপতি মো. আনোয়ার পাটওয়ারী, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি খবির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও কাঞ্চনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মজিবুল হক শেখ।
বক্তারা বলেন, মাহমুদ কখনোই দল বা নেতাকর্মীদের জন্য কাজ করেননি। ব্যক্তি স্বার্থেই তিনি রাজনীতি করছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাপা ছেড়ে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে গিয়ে স্বার্থ হাসিল করতে না পেরে তিনি ফের জাপাতে যোগ দিয়েছেন।
জাপার চেয়ারম্যান জিএম কাদের তার আত্মীয়। সম্পর্কের সূত্র ধরে তিনি জেলা ও উপজেলা কমিটির সভাপতির পদ ভাগিয়ে নিয়েছেন। এখন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইছেন। কিন্তু তিনি দলের তৃণমূল পর্যায়ে কোনো নেতাকর্মীদের মূল্যায়ন করেন না।
কারো সঙ্গে তার যোগাযোগও নেই। তার প্রতিহিংসার শিকার হয়ে দলের ত্যাগী ও সিনিয়র নেতাকর্মীরা রাজনীতি থেকে সরে গিয়েছেন। দল থেকে যেন কোনোভাবেই আগামী নির্বাচনে তাকে মনোনয়ন না দেয় সে দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে তাকে রামগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদ রহমান মাহমুদ বলেন, সম্মেলনের মাধ্যমে আমি জেলা কমিটির সভাপতির দায়িত্ব পাই। যারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা দলের কেউ নয়। তাদের নামের পাশের পদগুলো ভুয়া। প্রতিহিংসাবশত তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে আমি বিচলিত নই।
জেবি