দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত স্টেশন মাস্টার মো. আব্দুস সোবহান আকন্দ মারা গেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনার শিকার হন স্টেশন মাস্টার মো. আব্দুস সোবহান আকন্দ। অবসর গ্রহণের পর তিনি চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেলস্টেশনে কর্মরত ছিলেন।
মহিমাগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান জানান, ডিউটি শেষ করে স্টেশন মাস্টার আব্দুস সোবহান তার গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ট্রেনটি ছেড়ে দিলে চলতি ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে তিনি প্লাটফর্মের নিচে পড়ে যান। তখন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রেন চলে গেলে তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ নেওয়ার পথে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।
জেবি/এইউ