দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শংকর শীল (৬৮) নামে একজনকে হত্যা করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ নভেম্বর) মানিকগঞ্জ পৌরসভার নবগ্রাম শীল পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত শংকর শীল নবগ্রাম শীল পাড়া এলাকার বিশ্ব নাথ শীলের ছেলে।
নিহত শংকর শীলের ভাই উত্তম শীল জানান, তার চাচাতো ভাইয়ের ছেলে সত্য শীল,কার্তিক শীল, গোপাল শীল ও গণেশ শীলদের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিলো। মাঝে মধ্যেই এ নিয়ে ঝগড়া হতো। সেজন্য আজ ছিলো সীমান পরিমাপের দিন।
কিন্তু জমি পরিমাপের আমিন না আসায় কার্তিক ও তার ভাইয়েরা এবং তাদের ছেলেরা তার ভাই শংকরকে অকথ্য ভাষায় গালাগালি করে। এ সময় তার ভাই সাবেক কাউন্সিলর ছানোয়ার রহমানকে ডেকে নিয়ে আসেন। ছানোয়ার রহমান ঘটনাস্থলে আসার পর কার্তিকের ছেলে কৃষ্ণ তার ভাইয়ের ছেলে রতনকে মারধর করে। এ সময় তার ভাই শংকর এগিয়ে গেলে সত্য শীলের ছেলে মিঠুন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কোনো কিছুর সঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছানোয়ার রহমান জানান, দীর্ঘ দিন ধরে দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। আজ এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় শংকর শীল মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, এ বিষয়ে নিহতের পরিবার থেকে হত্যার অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেবি