দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরে সিগারেট চাওয়া নিয়ে দ্বন্দ্বে কাজী মুইন (২৮) নামের এক যুবককে নিজ ঘরের বারান্দায় কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুঈন চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাস্টারের ছেলে।
স্থানীয়রা জানায়, মুঈন সকাল ১১টার দিকে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তার ৪ বছরের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) সিগারেটের জন্য মুঈনের পকেটে হাত দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।
পরে মুঈন বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর বেলায়েত লোকজন নিয়ে মুঈনের বাড়িতে গিয়ে তাকে মারধর করে চলে যায়। এরপর বেলায়েত তৃতীয় দফায় দুপুর দেড়টার দিকে মুঈনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন জুমআর নামাজে থাকায় বেলায়েতকে আটক করতে পারেননি।
মুঈনের চিৎকারে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাকে পড়ে থাকতে দেখেন। এসময় মুঈনের মায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং শিবপুর মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও থানায় মামলা দায়ের করা হয়নি। হত্যার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
আরএ