দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ড্রেন থেকে গলায় ওড়না পেঁচানো ও হাত বাঁধা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকার ওয়েসিস স্কুলের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই তরুণীর নাম আইরিন আক্তার আলো (২৩)। তিনি একই এলাকার আলম হোসেনের মেয়ে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার রাতে পাশেই চাচার বাড়িতে পিকনিক খেতে গিয়েছিল আলো। রাত ১টায় নিজ বাড়ির দিকে রওনা দেয়। তবে ৩টার দিকে দুই পরিবার জানতে পারে যে আলো কোনো বাড়িতেই নেই। এরপর পরিবারের লোকজন তার খোঁজ শুরু করে।
সোমবার সকালে একটি স্কুলের পেছনে ড্রেনে আলোর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলোর গলায় ওড়না পেঁচানো ও হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি বজলুর রশিদ জানান, নিহতের পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি।
এইউ