দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেউ নিয়ে এসেছেন বেতের তৈরি নানা সামগ্রী, কেউ নকশা করা জামা-বিছানার চাদর-পোশাক। খাদ্যপণ্য পুতুলের পসরাও বসিয়েছেন কেউ। কেউ এনেছেন পরচুলার মত অপরিচিত পণ্য।
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরে মিলিত হওয়া নারী উদ্যোক্তাদের অনুষ্ঠিত হলো উদ্যোক্তা মেলা।
সোমবার (১৬ অক্টোবর) ব্রহ্মপুত্র নদ ঘেঁষে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে দিনব্যাপী আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী এই ‘উদ্যোগের উৎসব’।
এই মেলা উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা।
বক্তব্য রাখেন ব্র্যাকের সিনিয়র ম্যানেজার কাশফি বিনতে আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা তানজিয়া বলেন, নারীদের হাতে অর্থ থাকলে তখন সেই অর্থ ইতিবাচক কাজে ব্যবহার হয়। সেটা সংসারে স্বাস্থ্য-শিক্ষার জন্য ব্যবহার হয়। নারীরা এ রকম উদ্যোগের সঙ্গে যুক্ত থাকলে আমরা একটি সুস্বাস্থ্যসম্পন্ন শিক্ষিত জাতি পাবো।
তিনি বলেন, উদ্যোক্তাদের নিয়ে আমাদের সমাজে কুপমণ্ডুকতা আছে। অনেকেই মনে করেন, চাকরি করতে হবে। সামাজিক এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে আমাদেরকে কাজ করতে হবে।
নারীদের স্বাবলম্বী হওয়া প্রয়োজন উল্লেখ করে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা বলেন, নারীরা আয় করলে তা থেকে পরিবার উপকৃত হয়।
তিনি বলেন, আপনারা বিভিন্নভাবে সামনে এগিয়ে আসুন। যাতে আপনারা সংসারের হাল ধরতে পারেন। অনেক সময় স্বামীর অকাল মৃত্যু হলে বা বিবাহবিচ্ছেদ হলে তখন নারীরা দিশেহারা হয়ে যায়। সন্তানদের নিয়ে কীভাবে সংসারের খরচ বহন করবেন, সেটা বুঝে উঠতে পারেন না। এ রকম সময়ে নানা দিক নির্দেশনা নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর বা ব্র্যাক দিয়ে থাকে। কোথায় হাত বাড়ালে আপনারা সহযোগিতা পাবে, সেটা আমাদেরকে বুঝতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ১৯টি স্টল স্থান পায়।
ব্র্যাকের সিনিয়র ম্যানেজার কাশফি বিনতে আহমেদ বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে, উদ্যোক্তাদের পণ্য প্রদর্শণী সুযোগ সৃষ্টি, এবং তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিপণনের উদ্দশ্যে ‘উদ্যোগের উৎসব’ আয়োজন করে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির বিভিন্ন পণ্য এবং সর্বোপরি ব্র্যাকের সামগ্রিক কর্মকান্ড সর্ম্পকে আগতদের ধারণাও দেয়া হয় মেলা থেকে।
জেবি