দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে এক গৃহবধূকে ফুঁসলিয়ে নিয়ে তিন যুবক সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দু’জনকে আদালতে সোপর্দ করার পর রোববার (৮ অক্টোবর) বিকেলে জেলা দায়রা জজ আমলি আদালতের বিচারক ইমরান আহমেদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ শনিবার রাতে তিনজনের নামে অভিযোগ দিলে রাতেই দু’জনকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটকরা হলো জিরাট গ্রামের আব্দুর রহমানের ছেলে আলামিন (২৪) ও নুর আলীর ছেলে শামিম হোসেন (২৫)। সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রাম থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় পলাতক রয়েছে একই এলাকার সোহেল হোসেন (২৫)।
পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলায় নথিভুক্ত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূর পিতার বাড়ি শাখারীগাতি গ্রামে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি নরেন্দ্রপুর গ্রামের বটতলায় যাচ্ছিলেন। রুপদিয়া বাসস্ট্যান্ডে আসার পর তার স্বামী এসে নিয়ে যাবে বলে অপেক্ষা করছিলেন। এরই মধ্যে পূর্বপরিচিত সোহেল ওরফে গুটি সোহেল ও আলামিন তাকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে থাকে। একপর্যায়ে রাজি হলে তারা গৃহবধূকে সঙ্গে নিয়ে নরেন্দ্রপুর বাবু বাজার মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে গুটি সোহেল তাকে ধর্ষণ করে। সেখান থেকে নিয়ে আলতাফের ইট ভাটার মধ্যে আলামিন ধর্ষণ করে। এরপর তাদের সহযোগী শামিম এসে রাতভর তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ভোর রাতে গৃহবধূকে তার বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসে আলামিন ও গুটি সোহেল। এরপর শনিবার রাতে ওই গৃহবধূ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।
যশোর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পর দু’জনকে আটক করা হয়। দু’জনকে আটকের পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। রোববার আদালতের মাধ্যমে আটক দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি সোহেল পলাতক রয়েছে। তাকেও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এইউ