দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই প্রচার-প্রচারণা শুরু করেছে। কেউ জোট বেঁধে কেউবা একাই নেমেছেন প্রচার প্রচারণায়।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বর্তমান সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে একজোট হয়েছেন ছয়জন দলীয় নেতা। তারা বর্তমান সংসদ সদস্যকে বাদ দিয়ে একসঙ্গে হয়ে করছেন সভা সমাবেশ। দলীয় কোন্দলের কথা উল্লেখ করে তারা বলেন, তানভীর ইমাম টানা দুই মেয়াদে সংসদ সদস্য হয়ে ত্যাগী লোকদের বাদ দিয়ে নিজের লোক দিয়ে গ্রুপিং ও কোন্দল সৃষ্টি করেছেন। তবে উন্নয়নের ধারা ধরে রাখার পাশাপাশি দলকে সুসংগঠিত করে উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে আসন্ন সংসদ নির্বাচনে কাজ করা হচ্ছে বলে জানান বর্তমান সংসদ সদস্য।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৫ সিরাজগঞ্জ-৪ উল্লাপড়ায় সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়ছে দলীয় কোন্দল এবং বিরোধ। আসনটির বর্তমান সংসদ সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম।
তিনি ছাড়াও আসনটিতে নৌকার মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ১৩ জন। কেউ জোট বেঁধে নেমেছেন আর কেউ একাই করছেন প্রচারণা-প্রচারণা।
এর মধ্যে ৬ জন মনোনয়নপ্রত্যাশী বর্তমান সংসদ সদস্যর বিরুদ্ধে একসঙ্গে হয়ে উপজেলার বিভিন্ন এলাকা, হাঁট-বাজারে সমর্থকদের নিয়ে নিজেদের কর্মকাণ্ডের পাশাপাশি সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে চালাচ্ছেন সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণা।
তারা হলেন, উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম, সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. শওকত ওসমান , উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, সহ-সভাপতি জাহিদুল হক, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নবী নেওয়াজ খান বিনু।
তাদের অভিযোগ, বর্তমান সংসদ সদস্য তানভীর ইমাম উল্লাপাড়ায় আওয়ামী লীগের বিরোধ সৃষ্টি করেছেন। তিনি দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেন না। তারা বিশ্বাস করেন, বর্তমান সংসদ সদস্য তানভীর ইমামকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়িত হবেন। জনগণ সেবা পাবেন।
অপরদিকে বাবার আদর্শ বুকে লালন করে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক ও প্রয়াত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার কন্যা উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি।
তিনি বলেন, এই এলাকার মানুষ আমাকে ভালবাসে। প্রধানমন্ত্রী আমাকে নৌকার মনোনয়ন দিলে এ আসনটি আমি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব।
তবে বর্তমান সংসদ সদস্য তানভীর ইমাম দলীয় কোন্দল এবং দ্বন্দ্বের বিষয়ে বলেন, আওয়ামী লীগ একটি বড় দল, অনেকেই মনোনয়ন চাইতে পারে। কিন্তু এই এলাকায় আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী এবং সুসংগঠিত। মনোনয়ন দিলে সবাই একত্রিত হয়ে নৌকার ভোট চাইবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, আমরা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছি। দলকে সুসংসঠিত করেছি, জনগণের মাঝে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। আর নৌকার বাইরে যাবার কোনো সুযোগ নেই।
উল্লাপাড়ায় বর্তমানে সরকার দলীয় ১৩ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী থাকলেও নির্বাচনের আগে এ ধরনের দলীয় কোন্দল ও বিভেদ নিরসন হবে এমনটাই প্রত্যাশা তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের।
জেবি