দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া দ্বীনিয়া মাদরাসা সংলগ্ন বালুর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রাম্মপাড়া দ্বীনিয়া মাদরাসা সংলগ্ন বালুর মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় যুবসমাজ। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইসমাইল একাদশ ও তারেক একাদশ অংশগ্রহণ করে। খেলা চলাকালে স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেনের উসকানিতে দুই পক্ষের সমর্থকের মধ্যে হঠাৎ করে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে খেলোয়াড়সহ সমর্থকরা।
পরে সন্ধ্যায় মেম্বারের লোকজন স্থানীয় কামীল বাড়ির রায়হানের বসতঘরে হামলা চালায়। এসময় শাকিল, রায়হান, মনসুর, পারভেজ হোসেন, মিঠু, ইমন, মাহফুজ ও রুমা আক্তার আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।
চিকিৎসাধীন অবস্থায় আহত শাকিল, রায়হান, রুমা আক্তার বলেন, মাঠে সুন্দরভাবে খেলা চলছিল। এসময় খেলা চলাকালে দর্শকের সারিতে বসে এমরান মেম্বার উসকানিমূলক কথা বলার কারণে সংঘর্ষ শুরু হয়। পরে মেম্বারের লোকজন আমাদের বসতঘরে হামলা করে। আমরা সংশ্লিষ্টদের কাছে বিচার দাবি করছি।ৎ
টুর্নামেন্টে আয়োজক কমিটির প্রধান ইয়াসিন আরাফাত শুভ বলেন, খেলা চলাকালে ইসমাইল একাদশের একজনকে হলুদ কার্ড দেয় দায়িত্বরত রেফারি। এর জের ধরে এমরান মেম্বারের উসকানিতে ইসমাইল একাদশের সমর্থকরা বিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অভিযুক্ত ইউপি সদস্য এমরান হোসেন বলেন, খেলার মাঠে সংঘর্ষের ঘটনায় আমি কিছুই জানি না। আমি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। এ ব্যাপারে জানতে চাইলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খাঁন বলেন, ঘটনাটি শুনেছি, উভয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় কোনো আভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এইউ