দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শান্তিচুক্তির পর পাহাড়ে স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি পাহাড়ি-বাঙালির আর্থসামাজিক উন্নয়ন, খাদ্য সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা, দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা ক্ষেত্রে ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
সবশেষ স্মরণকালের ভয়াবহ বন্যার শুরু থেকে এই পর্যন্ত দেশপ্রেমিক এই বাহিনী মানুষের পাশে থেকে প্রশংসিত হয়েছে।
পাহাড়ে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি এই ধরনের মানবিক উদ্যোগগুলো আগামীতেও অব্যাহত থাকবে জানিয়েছেন সেনাবাহিনীর বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জোন সদরে বাঙালি, মারমা, বম, পাংখুয়া, লুসাই, তঞ্চঙ্গ্যা, খুমি, খেয়াং, চাক, চাকমা ও ত্রিপুরাসহ ১২টি জনগোষ্ঠীর ৪০০ শিক্ষার্থীর মাঝে ৫ হাজার ৬০০টি নতুন বই বিতরণকালে এই কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের মানুষের পাশে দীর্ঘদিন রয়েছে।
শুধু অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা নয়; অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদানের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষা বিস্তারে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। দুর্গম ক্যাম্পসহ বিভিন্ন জোন সদরে বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেগুলো দেশের বিভিন্ন স্থানে সুনাম কুড়িয়েছে।
নতুন বই ও সহায়তা নিতে আসা শিক্ষার্থীদের অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা জানান, পার্বত্য জেলা বান্দরবানে স্মরণকালের ভয়াবহ বন্যায় রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ চালু, দুর্গত মানুষকে রক্ষা, বন্যাকালীন সুপেয় পানির সংকট নিরসন, চিকিৎসাসহ সর্বশেষ ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানে মানবতার হাত বাড়িয়ে দিয়ে প্রশংসিত হয় বান্দরবান সেনা রিজিয়ন। নতুন বই পেয়ে খুশি বিভিন্ন কলেজে সদ্য ভর্তি হওয়া একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা। তাদের মতে, লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর এই মহতি উদ্যোগ প্রশংসনীয়। তারা পাহাড়ে শান্তি শৃঙ্খলার পাশাপাশি মানবিক কার্যক্রমের জন্য সাধুবাদ জানান সেনাবাহিনীকে।
বই বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, মেজর শায়েখ উজ জামান (জিএসও-২) ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেবি