দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘কে নিলডাউন হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বললো, কোথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী সেলফি তুললো এগুলো মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে আন্তর্জাতিক অঙ্গনকে তারা ম্যানেজ করে ফেলেছে। বিদেশকে যতোই আপনারা ম্যানেজ করেন বাংলাদেশের জনগণকে ম্যানেজ করতে পারবেন না।
গণসংহতি আন্দোলনের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা যদি এই স্বপ্নে মানুষকে আলোড়িত করতে পারি যে, শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বদলে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব।
জোনায়েদ সাকি আরও বলেন, আমরা যার জন্য আন্দোলন করছি সেটাই হচ্ছে প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনা। আর ওনারা (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধের চেতনার নামে জমিদারি কায়েম করে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অপমান তারা করছে।
আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য, শহীদের রক্তের অপমান আমরা করতে দিতে পারি না। সকলকে ঐক্যব্ধ হয়ে এই অপশাসনের বিরুদ্ধে নামতে হবে।
সংগঠনের জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে সভায় তিনি বলেন, ওরা (আওয়ামী লীগ) বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে যে, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা বেঈমান, বিশ্বাসঘাতক। এই সরকারের অধীনে জনগণ কোনো নির্বাচন মানবে না। এক তরফা নির্বাচন প্রতিরোধ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, বিএনপির বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, বিএনপির সাবেক এমপি অ্যাডভোকেট আবদুর রশিদ খান, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. মিজানুর রহমান প্রমুখ।
জেবি