দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ক্রীড়া সংস্থার অধীনে দেশের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম হচ্ছে ফেনীতে।
এ তথ্য জানিয়েছেন, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির নির্ধারিত কনসালটেন্ট প্রতিষ্ঠান প্রফেশনাল অ্যাসোসিয়েট লিমিটেডের স্থপতি মঞ্জুর কে. এইচ. উদ্দিন।
ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কে. এইচ. উদ্দিন বলেন, ফেনীর শহরতলির লালপুল এলাকার গোবিন্দপুরে ২১ দশমিক ২০ একর জায়গায় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮৩ কোটি টাকার বেশি। ফেনী স্পোর্টস কমপ্লেক্স নামের এ প্রকল্পে থাকছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধাসহ একটি হকি স্টেডিয়াম ও জাতীয় মানের একটি ফুটবল স্টেডিয়াম। আর ইনডোর স্টেডিয়ামে থাকছে টেবিল টেনিস, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, কেরাম, কারাতে, বক্সিং ও শুটিংয়ের সুযোগ।
একই প্রকল্পে অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে একই জায়গায় একটি ক্রিকেট অনুশীলন স্টেডিয়াম সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রফেশনাল অ্যাসোসিয়েট লিমিটেডের প্রধান স্থপতি আরও বলেন, এ হকি স্টেডিয়াম থেকে দেশের খেলোয়াড়দের বিশ্বে অবস্থান করে নিতে বেশি সময় লাগবে না। কমপ্লেক্সকে ঘিরে এই জনপদে জাতীয় ও আন্তর্জাতিক মানের অসংখ্য খেলোয়াড়ের জন্ম হবে। একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের উন্নয়ন ঘটবে।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার সাংবাদিকদের বলেন, আগামীর সব পরীক্ষায় আসবে- বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম কোথায়। যার উত্তর ফেনীবাসীর জন্য গর্বের হবে। একই প্রকল্পে ক্রিকেট অনুশীলন স্টেডিয়ামটি সংযুক্ত হলে আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল, উন্নত চিকিৎসা ব্যবস্থাসহ সব শর্ত পূরণে বেশি সময় লাগবে না।
জেডএ