দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশের হাড় ও খুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধরঞ্জী বাজার সংলগ্ন সামছুল ইসলামের বাড়ির গোসলখানার মেঝের নিচ থেকে এসব উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর ময়নাতদন্তের রিপোর্টের জন্য সেসব জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। সেখানে উন্নত প্রযুক্তি না থাকায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই বাড়িতে কর্মরত রাজমিস্ত্রি ও শ্রমিক নবিউল ইসলাম এবং উজ্জল হোসেন জানান, বাড়িটিতে সংস্কার কাজ করার সময় সময় মালিক তাদের গোসল খানার মেঝের কাজ করতে বলেন। কাজ করতে গিয়ে সেখানে লাউ ও পুঁই শাক গাছ উপড়ে ফেলে কোদাল দিয়ে মাটি সরাতেই ছেঁড়া জিন্সের প্যান্ট, বেল্ট দেখেতে পান এবং গর্ত থেকে লাশের হাড় ও পচা দুর্গন্ধ পান তারা।
এ সময় বিষয়টি পাঁচবিবি থানায় জানালে রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, সিআইডি সদস্যদের উপস্থিতিতে লাশ উঠানো হয়।
এ বিষয়ে শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম বলেন, মাটির নিচে মরদেহ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেটি উদ্ধার করা হয়। মরদেহটি সম্পূর্ণ গলিত, কিছু হাড় পাওয়া গেছে। ফরেনসিকসহ ডিএনএ টেস্টের পর পরিচয় শনাক্তকরণ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে বলেন, হাড়গুলোর ময়নাতদন্তের রিপোর্ট ও নিহতের পরিচয় পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেডএ