দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে দিনে দুপুরে বিমান বাহিনীর কর্মকর্তাদের একটি আবাসিক ভবনে চুরি হয়েছে। অজ্ঞাতনামা চোরেরা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চুরি ঘটনা ঘটে। জড়িতদের সিসিটিভি ফুটে সংগ্রহ করেছে পুলিশ।
জানা যায়, যশোর শহরের পুলিশ সুপারের বাসভবনের অদূরে আয়েশা সরদার বাইলেনে বিমানবাহিনীর ১১ কর্মকর্তার একটি আবাসিক বাসভবন রয়েছে। ওই ভবনের পঞ্চম তলায় বসবাস করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান ও তার পরিবার। বৃহস্পতিবার সকালে আসাদুজ্জামান ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা জাহানারা খাতুন অফিসে এবং তাদের ছেলে সজিব বিশ্ববিদ্যালয় চলে যান।
এরপর দুপুর ১টার দিকে ভবনের অন্য সদস্যরা নামাজ আদায় করতে বের বের হলে মেইনগেট খুলে রেখে যান। এরপর একজন ভিক্ষুক এসে গেটের সামনে অবস্থান নেয়। তার কিছুক্ষণ পর দুই যুবক ওই বাড়িতে প্রবেশ করে। এরপর তারা পঞ্চম তলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামানের ফ্ল্যাটের মূল দরজার হ্যাজবোল্ট ভেঙে ঘরে প্রবেশ করে।
অজ্ঞাতনামা ওই দুই চোর ঘরের দুটি আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। তারা চলে যাওয়ার সময় সিঁড়িতে আসাদুজ্জামানের স্ত্রী জাহানারা খাতুনের মুখোমুখি হয়। কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই সটকে পড়ে ওই দুই চোর। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটক করতে কাজ শুরু হয়েছে। এই বিষয়ে এখনও অভিযোগ দেয়নি ভুক্তভোগীরা।
জেবি