দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থেকে নিখোঁজের একমাস অতিবাহিত হলেও গৃহবধূ রেশমা আক্তারের সন্ধান পায়নি পুলিশ।
গত ২৯ জুলাই সকাল আনুমানিক ১০টায় দৌলতপুর গ্রামের তার শশুরবাড়ি থেকে তিনি নিখোঁজ হন।
জানা যায়, ৯ মাস আগে যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের মৃত সেলিম মিয়ার মেয়ে রেশমা আক্তারের সঙ্গে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রুস্তম খানের ছেলে নাছির খানের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই ছিল।
বেড়ানোর উদ্দেশে রেশমা আক্তার গত ২৯ জুলাই সকাল ১০টায় স্বামীর বাড়ি দৌলতপুর থেকে বাবার বাড়ি মোচাগড়ার উদ্দেশে বের হয়ে যায়। দেবর ইউসুফ খান তার বাবার বাড়িতে ফোন দিলে রেশমা আক্তার তাদের বাড়ি যায়নি বলে জানায়।
এ খবর পেয়ে তারা নিকট আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া পাননি। পরে নিরূপায় হয়ে রেশমা আক্তারের স্বামী নাছির খান গত ৮ আগস্ট বাঙ্গরা বাজার থানায় একটি জিডি করেন।
রেশমা আক্তারের মা সেলিনা বেগম বলেন, আমার মেয়ে ৮-১০ জন মেয়ের মতো না। সে সরল ও স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত। তাকে খুঁজে না পেলে আমার বেঁচে থাকাই হবে কষ্টসাধ্য। যে করেই হোক আপনারা তাকে খুঁজে বের করুন। রেশমা আক্তারের স্বামী নাছির খান বলেন, প্রায় এক বছর আমার সংসার জীবন। কোন বিষয় নিয়ে তার সঙ্গে আমার অশান্তি তৈরি হয়নি। আমার জানা মতে তার মধ্যে কোনো বিষয় নিয়ে অভিমান নাই।
বাঙ্গরা বাজার থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা ওবায়দুল্লাহ বলেন, আমি সম্ভাব্য কয়েক জায়গায় স্বশরীরে গিয়েছি। সবচেয়ে বেকায়দার বিষয় হলো তারা কেউ মোবাইল ফোন ব্যবহার করে না। তবে আমি হাল ছাড়িনি। তাকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করার জন্য এসআই ওবায়দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মোবাইল ফোন ব্যবহার না করাতে ক্লু পেতে আমাদের বিলম্ব হচ্ছে।
জেবি