দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, অন্ধকারাচ্ছন্ন পাহাড়কে আমূল পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩০ আগস্ট) সকালে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি ও উদ্বোধনকালে এসব কথা বলেন।
বর্তমান সরকার টানা চৌদ্দ বছরের ক্ষমতাকালীন সময় পাহাড়ে যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, শিক্ষাসহ নানা ক্ষেত্রে উন্নয়ন করেছে।
পাহাড়ে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
এ সময় সাংসদ বীর বাহাদুর আরো বলেন, এবারের বন্যায় বান্দরবানে ব্যাপক ক্ষতি হয়েছে। এই দুর্যোগ থেকে মানুষকে কাটিয়ে তোলতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত কোন মানুষ না খেয়ে, খোলা আকাশের নিচে থাকবে না।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৯২লাখ, এলজিইডির ৬ কোটি ৯৭লাখ, সড়ক ও জনপথ বিভাগের ১০ কোটি ১৭ লাখ এবং জেলা পরিষদের ৩ কোটি ৩৬ লাখ টাকার ২২ কোটি ৪২ লাখ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে মন্ত্রী যোগাযোগ, কৃষি, ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক এসব প্রকল্প ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণের চাল, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল, ইউএনও মো. মোস্তফা জাবেদ কায়সার, আলীকদম ইউএনও জাবের মো. শোয়াইব, লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, লামা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রমুখ।
জেবি