দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে বাথরুমের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন এবং আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। অসুস্থ দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
তারালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইনামুল হক জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরের পর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে; এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং পরে আরও দুইজন বিষাক্ত গ্যাসের প্রভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
নিহতরা হলেন- বরেয়া গ্রামের বাসিন্দা মনি পাড়ের ছেলে মোহাম্মদ আরাফাত (১৬) এবং একই গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫)। আরাফাত স্কুল শিক্ষার্থী ও মহানন্দ পরিচ্ছন্নতা কর্মী।
তারালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইনামুল হক বলেন, মঙ্গলবার দুপুরের পর বরেয়া গ্রামের আশরাফ পাড়ের বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করার কাজ শুরু হয়। ট্যাংক পরিষ্কার করার উদ্দেশ্যে পরিচ্ছন্নতাকর্মী মহানন্দ সরকার যখন সেটির মুখ খোলেন, ঠিক তখনই ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনি জ্ঞান হারান এবং ঘটনাস্থলেই মৃত্যুর মুখে ঢলে পড়েন।
মহানন্দ সরকারের এই পরিণতি ও ট্যাংকের ভেতরের অবস্থা দেখতে ওই বাড়ির ছেলে মোহাম্মদ আরাফাত ট্যাংকের কাছে গিয়ে মুখ বাড়ালে বিষাক্ত গ্যাসে সেও আক্রান্ত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।
পরবর্তীতে একইভাবে পরিস্থিতি দেখতে গিয়ে এবং ঘটনাস্থলে অবস্থান করলে বিষাক্ত গ্যাসের প্রভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা গোলাম হোসেন এবং বরেয়া গ্রামের আবুল শেখের ছেলে জামাল শেখ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান (শাহিন) জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং গুরুতর অসুস্থদের চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় বরেয়া গ্রামে শোকের ছায়া ও হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। খবর পাওয়ার পরপরই কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠায়। পুলিশ স্থানীয়দের সহায়তায় গুরুতর অসুস্থ দুইজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়।
এমজে